জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে ৩৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাষযোগ্য জমি ও জলাশয় অব্যবহৃত না রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সামনে অবস্থিত ‘আনন্দ দিঘি’তে মাছের পোনা অবমুক্তকরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পলিসি নেক্সাস (সিপিএন) এর উদ্যোগে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা। এজন্য চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। কৃষি ও মৎস্যসম্পদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের জলাশয়গুলো সঠিকভাবে ব্যবহার করা গেলে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও অর্জন করা সম্ভব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একর জলাশয়কে মৎস্যসম্পদের জন্য সম্ভাবনাময় উল্লেখ করে মন্ত্রী বলেন, এতদিন এই সম্পদের যথাযথ ব্যবহার হয়নি। এবার সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে ৩৯৫ কেজি বড় আকারের মাছের পোনা উপহার হিসেবে অবমুক্ত করা হয়েছে, যাতে প্রশাসন এ সম্পদকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের আহ্বানের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার একটি অংশ বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা এবং পরিযায়ী পাখির আবাসের মধ্যে কোনো সংঘর্ষ নেই। এটি একটি সমন্বিত প্রাকৃতিক বাস্তুতন্ত্র, যেখানে মাছ, পাখি ও অন্যান্য জীববৈচিত্র্য স্বাভাবিকভাবেই সহাবস্থান করে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখেই মৎস্যসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারবো। পাশাপাশি শিক্ষার্থীদের আমিষের চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগ বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান উপাচার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ ড. মো. আবদুর রব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরবিএন