সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি না করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
বৃহস্পতিবার (১৪ মে) সেগুনবাগিচায় কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভূমি ব্যবস্থাপনা দ্রুত ডিজিটালাইজেশন করা হবে। একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে কর্মকর্তাদের আত্মসমালোচনা ও সততার চর্চা করার আহ্বান জানিয়ে
তিনি বলেন, অতিরিক্ত অর্থলোভ সামাজিক মূল্যবোধ নষ্ট করছে। গৃহায়নের যেকোনো ভালো উদ্যোগে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, সাধারণ মানুষ সারাজীবনের সঞ্চয় দিয়ে মাথা গোঁজার ঠাঁই কেনেন। তাই প্লট বা ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরসহ সব সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করা জরুরি।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগমের সভাপতিত্বে সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি