শি-ট্রাম্পের আলাপকালে হরমুজে জাহাজে হামলা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যখন ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করছেন তখনই হরমুজে নতুন

2026-05-15T00:30:08+00:00
2026-05-15T00:30:08+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শি-ট্রাম্পের আলাপকালে হরমুজে জাহাজে হামলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৩০ এএম 
চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে থাকা শিশুদের অভিবাদন গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ের দ্য গ্রেট হল অব পিপল থেকে তোলা। ছবি : সিনহুয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যখন ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করছেন তখনই হরমুজে নতুন করে আক্রান্ত হয় আরেকটি জাহাজ। হরমুজ প্রণালির কাছাকাছি ভারতীয় জাহাজে নতুন এ হামলার ঘটনা দীর্ঘস্থায়ী অচলাবস্থার অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগকে আবারও সামনে নিয়ে আসে। বার্তাসংস্থা রয়টার্স বলছে, এর মধ্যেই শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে আছে।

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দুই নেতা একমত হয়েছেন যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। চীন ইরানের ঘনিষ্ঠ অংশীদার এবং দেশটির তেলের অন্যতম বড় ক্রেতা।

বেইজিং থেকে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চীন প্রণালিটি উন্মুক্ত রাখতে সহায়তা করার জন্য ‘যা সম্ভব তাই করবে’ বলে তিনি বিশ্বাস করেন। তার মতে, এটি চীনের নিজস্ব অর্থনৈতিক স্বার্থের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

তবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ গত সপ্তাহ থেকেই থমকে আছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দুই পক্ষই নিজেদের প্রাথমিক অবস্থান থেকে সরতে রাজি নয়। কারণ তারা সেগুলোকে ‘রেড লাইন’ বা আপসহীন সীমা হিসেবে দেখছে।

প্রায় আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করার পর থেকে ইরান নিজের জাহাজ ছাড়া প্রায় সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালিতে চলাচল কঠোরভাবে সীমিত করে রেখেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে নজিরবিহীন বিঘ্ন তৈরি হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র বিমান হামলা সাময়িকভাবে বন্ধ করলেও ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করেছে।

সর্বশেষ ঘটনায়, আফ্রিকা থেকে জীবন্ত পশু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করা একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে ডুবে যায়। ভারত এ হামলার নিন্দা জ্ঞাপন করে জানায়, জাহাজটির ১৪ জন নাবিককেই ওমানের কোস্ট গার্ড উদ্ধার করেছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানায়, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় বিস্ফোরণের পর জাহাজটি ডুবে যায়। আলাদা এক ঘটনায়, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর উপকূলে নোঙর করা একটি জাহাজে ‘অননুমোদিত ব্যক্তিরা’ উঠে সেটিকে ইরানের দিকে নিয়ে যাচ্ছে।

ফুজাইরাহ অঞ্চলের নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি সংযুক্ত আরব আমিরাতের একমাত্র তেলবন্দর যা হরমুজ প্রণালির বাইরের দিকে অবস্থিত। ফলে কিছু তেলবাহী জাহাজ প্রণালি ব্যবহার না করেও আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে। 

গত সপ্তাহে প্রকাশিত নতুন সামুদ্রিক মানচিত্রে ইরান ওই উপকূলীয় এলাকাকেও নিজেদের নিয়ন্ত্রণাধীন জলসীমার অংশ হিসেবে দেখায়। তবে একই সঙ্গে ইরান কিছু দেশের সঙ্গে সমঝোতা করছে বলেও ইঙ্গিত মিলছে, যাতে তারা তেহরানের শর্ত মেনে প্রণালিটি ব্যবহার করতে পারে।

এর আগে বুধবার একটি জাপানি তেলবাহী জাহাজ প্রণালি অতিক্রম করে। জাপানের প্রধানমন্ত্রী জানান যে তিনি ইরানের প্রেসিডেন্টের সহায়তা চেয়েছেন। একই দিনে একটি বড় চীনা তেলবাহী জাহাজও পার হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স বৃহস্পতিবার জানায়, কিছু চীনা জাহাজকে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে, বুধবার সন্ধ্যার পর থেকে ৩০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত, তার তুলনায় এটি অনেক কম হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে এটি উল্লেখযোগ্য। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বৃহস্পতিবার বলেন, ইরানি নিয়ম ভঙ্গ করা ‘মার্কিন ট্যাঙ্কার’ জব্দ করার কাজ দেশীয় ও আন্তর্জাতিক আইন অনুসারেই করা হচ্ছে।

আলোচনায় নামমাত্র অগ্রগতি : ছয় সপ্তাহ ধরে ব্যাপক বোমা হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল এক মাসেরও বেশি আগে সামরিক অভিযান স্থগিত করে। প্রেসিডেন্ট ট্রাম্প তখন বলেছিলেন, শান্তি আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হচ্ছে। কিন্তু গত মাসে পাকিস্তানে এক দফা আলোচনা ছাড়া আর কোনো মুখোমুখি বৈঠক হয়নি, আর আলোচনাতেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

 ট্রাম্প যুদ্ধ শুরুর সময় বলেছিলেন, তার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার সক্ষমতা কমিয়ে আনা এবং ইরানের জনগণের জন্য সরকার পরিবর্তন সহজ করা।

কিন্তু এখন পর্যন্ত এসব লক্ষ্য পূরণ হয়নি। দাবি করা হয়, ইরানের কাছে এখনও ৪০০ কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও অক্ষত রয়েছে।

বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করতে হলেও যুদ্ধ শুরুর পর থেকে ইরানের শাসকগোষ্ঠী কোনো সংগঠিত অভ্যন্তরীণ বিরোধিতার মুখে পড়েনি। বরং হরমুজ প্রণালি কার্যত নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা তাদেরকে আলোচনায় নতুন চাপ তৈরির সুযোগ দিয়েছে।

ওয়াশিংটন চাইছে তেহরান তাদের ইউরেনিয়াম হস্তান্তর করুক এবং ভবিষ্যতে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করুক। অন্যদিকে ইরান চাইছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি।

চীন সফরে ট্রাম্পের যাওয়ার কথা ছিল মার্চের শেষ দিকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে যায়। তখন তিনি দ্রুত যুদ্ধ শেষ হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত সংঘাতের কোনো সমাধান ছাড়াই তিনি সফরে যান, ফলে প্রায় এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের ওপরও ইরান সংকটের ছায়া পড়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র চায় চীন আরও সক্রিয় ভূমিকা নিক, যাতে ইরান পারস্য উপসাগরে বর্তমান অবস্থান থেকে সরে আসে। রুবিও আরও বলেন, আমরা চীনকে স্পষ্ট করে জানিয়েছি, ইরানের প্রতি যেকোনো ধরনের সমর্থন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।

/কেএইচও
  বিষয়:   শি  ট্রাম্প  হরমুজ  জাহাজ  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: