সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালটা ছিল ভেজা, মেঘলা আর খানিকটা অস্বস্তির। রাতভর অঝোর বৃষ্টির পর মাঠের পরিবেশেও ছিল সেই ছাপ। তবে বাংলাদেশ দলের অনুশীলনে এক দৃশ্য ঠিকই স্বাভাবিক ছিল, ড্রেসিং রুম থেকে সবার আগে বের হয়ে আসা মুশফিকুর রহিম। এরপর একে একে সবাইকে দেখা যায় মাঠে। তবে হুট করেই অনুশীলনে দেখা গেল জাকির হাসানকে!
সিলেট টেস্টের ঘোষিত স্কোয়াডে নেই বাঁহাতি এই ওপেনার। বুধবারও ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে ম্যাচ খেলেছেন তিনি। তাই বৃহস্পতিবার সকালে তাকে হঠাৎ জাতীয় দলের অনুশীলনে দেখে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। এদিন অনুশীলনে ছিলেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান।
পরে জানা যায় দুজনই চোটে পড়েছেন। তাই জাকিরকে উড়িয়ে আনা। অনুশীলন চলাকালে দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার অবশ্য জানান, সাদমানকে না রাখা গেলে জাকিরকে নেওয়া হবে স্কোয়াডে।
শেষ পর্যন্ত সেটিই হলো। বাংলাদেশ দলের অনুশীলন শেষে বিসিবি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, সাদমান ইসলামের পরিবর্তে জাকির হাসানকে একাদশে নেওয়ার বিষয়টি। সাদমান ইসলাম বুকে চোট পাওয়ায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। অবশ্য পাকিস্তানের বিপক্ষে ঢাকায় প্রথম টেস্টে জয় পেলেও দুই টাইগার ওপেনার ছিলেন নিষ্প্রভ। আগামী ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচটি।
বিসিবির বিবৃতিতে সাদমানের অবস্থা নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, ‘মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ নিতে গিয়ে সাদমান বুকে আঘাত পান। তার বুকে চোট লেগেছে এবং তিনি ব্যথা পেয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না।’
মিরপুর টেস্টে সাদমান ছাড়াও চোট পেয়েছেন আরেক ওপেনার জয়। ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত পান দুজনই। বিশেষ করে জয়ের আঙুলের হাড় নড়ে গেলেও শেষ পর্যন্ত থেকে গেছেন স্কোয়াড়ে। তবে তাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। যদি না খেলতে পারেন শেষ পর্যন্ত, সে ক্ষেত্রে সব ঠিক থাকলে সিলেটেই হতে পারে তানজিদ হাসানের টেস্ট অভিষেক।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছেন জাকির। ২০২২ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই করেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। পরের দুই টেস্টেও ছিল ফিফটির দেখা। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ২০২৪ সালে দেখা গেছে তাকে জাতীয় দলের জার্সিতে।
তবে ঘরোয়া ক্রিকেটে এখনও নিজের সামর্থ্যরে জানান দিয়ে যাচ্ছেন এই বাঁহাতি ওপেনার। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে গত রোববার খেলেছেন ১৩৭ রানের দারুণ এক ইনিংস। আর সেই ইনিংসের পরই যেন আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন জাকির হাসান।