মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়ার পর এবার আরও একটি বড় স্বীকৃতি পেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভান। জায়গা পেয়েছেন এমএলএসের ‘ম্যাচডের সেরা একাদশে’।
অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসেন এই তরুণ ফুটবলার। ম্যাচটিতে তিনি করেন নিজের ক্যারিয়ারের প্রথম এমএলএস গোল। মাত্র ১৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে গোল করে লিগের ইতিহাসে অষ্টম কনিষ্ঠতম গোলদাতা হওয়ার কীর্তিও গড়েন সুলিভান।
শুধু গোলই নয়, একই ম্যাচে একটি অ্যাসিস্টও করেন তিনি। এর মাধ্যমে এমএলএস ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার নজির গড়েন এই বিস্ময়বালক।
তবে সুলিভানের দুর্দান্ত নৈপুণ্যও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি ফিলাডেলফিয়া ইউনিয়নকে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নেয় অরল্যান্ডো সিটি।
/এসএকে