মুক্তিপণের দাবিতে আবারও ৮ বনজীবী অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা আবারও বেড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুরের মধ্যে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকায় ৮

2026-05-15T12:20:43+00:00
2026-05-15T12:20:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মুক্তিপণের দাবিতে আবারও ৮ বনজীবী অপহরণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:২০ পিএম 
ছবি : সংগৃহীত
সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা আবারও বেড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুরের মধ্যে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকায় ৮ জন বনজীবীকে অপহরণের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুনকুড়ি নদীর সুবদেব খাল, গুবদেব খাল ও ধান্যখালী চর এলাকা থেকে অস্ত্রধারী বনদস্যুরা তাদের অপহরণ করে। অভিযোগ রয়েছে, ‘নানা ভাই/ডন’ ও ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত। অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে।

অপহৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর ও আশপাশের এলাকার জেলে ও বনজীবী। তাদের মধ্যে আব্দুর রহমান (৩৫), আব্দুল হামিদ মোড়ল (৫০), নজরুল তরফদার (৪৫), আব্দুল আলিম গাজী (৪০), হাবিবুর রহমান (৪৮), আনোয়ারুল ইসলাম (৪২)সহ আরও দুজন রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, প্রতিজনের মুক্তির জন্য ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ চাওয়া হয়েছে। বনদস্যুরা মোবাইল ও বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দিচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এর আগেও এ মাসের শুরুতে একই ধরনের ঘটনায় ২০ জন জেলে ও মৌয়ালকে অপহরণ করা হয়েছিল। পরে প্রায় ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তারা মুক্তি পান।

বনজীবীদের অভিযোগ, কিছু বনদস্যু আগের আত্মসমর্পণকারী সদস্যদের নিয়ে আবারও সক্রিয় হয়েছে। ফলে সুন্দরবন এলাকায় আতঙ্ক আরও বেড়ে গেছে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানান, দস্যু দমনে যৌথ অভিযান চলছে। তবে অনেক সময় ভুক্তভোগীদের পরিবার বিষয়টি গোপনে সমঝোতার মাধ্যমে মীমাংসা করে ফেলে, ফলে প্রকৃত তথ্য পাওয়া কঠিন হয়।

শ্যামনগর থানার ওসি বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বনজীবীরা দাবি জানিয়েছেন, সুন্দরবনে নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদার করতে হবে এবং বনদস্যুদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালাতে হবে।

/এসএকে


  বিষয়:   মুক্তিপণ  দাবি  বনজীবী  অপহরণ  সুন্দরবন  সাতক্ষীরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: