টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক এক ঘটনায় বাংলাদেশি তিন যাত্রীকে বিপুল পরিমাণ খাদ্যপণ্যসহ আটক করা হয়েছে। মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি, সব মিলিয়ে প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ বা ঘোষণা না করা খাদ্যসামগ্রী তাদের ব্যাগেজে পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৪ মে) সংবাদমাধ্যম টরেন্টো সান জানিয়েছে, তিনটি গোয়েন্দা কুকুর ওই ব্যক্তিদের থেকে এসব পণ্য খুঁজে বের করে। সব মিলিয়ে তাদের কাছে ৪৫ কেজি ওজনের এসব পণ্য ছিল।
কানাডার বর্ডার সিকিউরিটি চেকিংয়ে দায়িত্বে থাকা গোয়েন্দা কুকুরদের তল্লাশিতে এসব পণ্য শনাক্ত হয়। ‘ধারলা’, ‘ওলগা’ এবং ‘থিও’ নামের প্রশিক্ষিত কুকুরগুলো ব্যাগেজে লুকানো এই পণ্যগুলো খুঁজে বের করে কর্তৃপক্ষকে সতর্ক করে।
কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি জানিয়েছে, নিয়ম অনুযায়ী ঘোষণা না করায় ওই তিন যাত্রীকে ১,৩০০ ডলার জরিমানা করা হয়েছে। ঘটনাটি সম্প্রতি বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটে ঘটে বলে নিশ্চিত করা হয়েছে, যদিও সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি।
/এসএকে