আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়ে অবশেষে বড় সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। কলম্বিয়ান পপ কুইন শাকিরা ও নাইজেরিয়ান তারকা বুর্না বয়ের কণ্ঠে গাওয়া ৩ মিনিট ৪৫ সেকেন্ডের এই গানটি এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয়ে ঢেউ তুলছে।
শুক্রবার (১৫ মে) ফিফা আনুষ্ঠানিকভাবে এই গানের মুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছে, এই গান থেকে সংগৃহীত অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। টুর্নামেন্ট শেষে এই রয়্যালটি থেকে ১০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘দাই দাই’ গান থেকে প্রাপ্ত সমুদয় রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা করা হবে। এই বিশাল পরিমাণ অর্থ বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবলের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই এক মিনিট ৭ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে এই গানের আমেজ ছড়িয়ে দিয়েছিলেন শাকিরা। গানটি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের প্রধান আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে।
আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিনটি দেশে চলবে ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর। ফিফা আরও চমকপ্রদ তথ্য দিয়ে জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালের হাফ টাইমে ফুটবল দর্শকদের মাতাতে এক মঞ্চে উপস্থিত হবেন পপ আইকন ম্যাডোনা, শাকিরা এবং জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস।
শাকিরার জন্য বিশ্বকাপের মঞ্চ মোটেও নতুন নয়; এর আগে ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্ব জয় করেছিলেন তিনি। এ ছাড়াও ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও তাঁর পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছিল। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মূল সংগীতের প্রধান মুখ হিসেবে ফিরলেন এই কলম্বিয়ান তারকা।
বিশ্বকাপের এই থিম সংটি ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের আবহ ও ঐতিহ্যকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, যা টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে সমর্থকদের ড্রয়িং রুম পর্যন্ত সর্বত্র অনুরণিত হবে।
শাকিরার পরিচিত গায়কী আর বুর্না বয়ের ভিন্নধর্মী তালের মিশেলে ‘দাই দাই’ গানটি ইতিমধ্যেই সংগীত সমালোচকদের প্রশংসা কুড়াতে শুরু করেছে। ফুটবল ও সংগীতের এই মেলবন্ধন টুর্নামেন্টকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/টিএইচ