বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সমাধানে মিলল চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আটলান্টিক মহাসাগরের রহস্যঘেরা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে দশকের পর দশক ধরে চলা ধাঁধার অবসান হতে চলেছে বলে দাবি করেছেন একদল মার্কিন

2026-05-15T19:20:56+00:00
2026-05-15T19:20:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সমাধানে মিলল চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:২০ পিএম 
প্রতীকী ছবি
আটলান্টিক মহাসাগরের রহস্যঘেরা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে দশকের পর দশক ধরে চলা ধাঁধার অবসান হতে চলেছে বলে দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। দশকের পর দশক ধরে ভূতত্ত্ববিদদের মনে প্রশ্ন ছিল, ৩ কোটি বছর ধরে আগ্নেয়গিরিগুলো নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও বারমুডা দ্বীপটি আশপাশের সমুদ্রতলের তুলনায় এত উঁচুতে অবস্থান করছে কেন। 

সম্প্রতি কার্নেগি সায়েন্স ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ প্রচেষ্টায় এই রহস্যের একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা সামনে এসেছে। গবেষণায় দেখা গেছে, বারমুডার তলদেশে এমন এক অনন্য ভূতাত্ত্বিক স্তর রয়েছে, যা পৃথিবীর আর কোথাও সচরাচর দেখা যায় না।

বিজ্ঞান সাময়িকী ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার’-এ প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন অনুযায়ী, কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্ক বিশ্বজুড়ে বিভিন্ন ভূমিকম্প থেকে উৎপন্ন তরঙ্গ বিশ্লেষণ করেছেন। 

এই বিশ্লেষণের মাধ্যমে তারা বারমুডার নিচে প্রায় ২০ মাইল গভীর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরীণ একটি চিত্র তৈরি করেন। সেখানে সমুদ্রীয় ভূত্বকের নিচে ১২ মাইলেরও বেশি পুরু একটি হালকা ঘনত্বের শিলার স্তর খুঁজে পাওয়া গেছে। গবেষকদের মতে, এই হালকা স্তরটি অনেকটা ভেলার মতো কাজ করে বারমুডা ও এর আশপাশের সমুদ্রতলকে উঁচুতে ভাসিয়ে রেখেছে।

সাধারণত হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলো ‘ম্যান্টল প্লুম’ বা পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত শিলাস্তম্ভের মাধ্যমে তৈরি হয় এবং সময়ের সঙ্গে টেকটোনিক প্লেট সরে গেলে সমুদ্রতল আবার নিচে নেমে যায়। তবে বারমুডার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে; দ্বীপটি এখনও সমুদ্রতল থেকে প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচুতে অবস্থান করছে। 

গবেষক উইলিয়াম ফ্রেজার জানান, কোটি কোটি বছর আগে বারমুডার আগ্নেয়গিরিগুলো যখন সক্রিয় ছিল, তখন কার্বনসমৃদ্ধ গলিত শিলা ভূত্বকের নিচে ঢুকে ঠান্ডা হয়ে এই বিশেষ স্তরটি তৈরি করেছিল। এটি ইঙ্গিত দিচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে প্রচলিত তত্ত্বের বাইরেও আরও কিছু জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়া কাজ করছে।

ক্যারিবীয় সাগরের ফ্লোরিডা, বারমুডা ও প্যুয়ের্তো রিকো—এই তিন বিন্দু দিয়ে ঘেরা কল্পিত ত্রিভুজ এলাকাটিই বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। দীর্ঘকাল ধরে এই এলাকায় জাহাজ ও বিমান নিখোঁজের ঘটনা নিয়ে অতিপ্রাকৃত অনেক গল্প প্রচলিত থাকলেও বিজ্ঞানীরা বরাবরই এর প্রাকৃতিক কারণ খোঁজার চেষ্টা করেছেন। 

নতুন এই গবেষণাটি বারমুডার অস্বাভাবিক উচ্চতা ও গঠন সম্পর্কে একটি শক্ত ভিত্তি প্রদান করল। গবেষকদের মতে, বারমুডা নিয়ে এই নতুন তথ্য পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং টেকটোনিক প্লেটের আচরণ বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তথ্যসূত্র: এনডিটিভি

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: