হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেছেন, হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব।
শনিবার (১৬ মে) সকালে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম সরওয়ার বলেন, ‘২০২৭ সালে হজ যাত্রায় বিমানের টিকিটমূল্য কমে ১ লাখে নামবে। আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের মোট খরচও কমে আসবে।’
এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘দ্রুততম সময়ে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি, তাঁবু নির্বাচনের কাজ করতে হলেও শেষ পর্যন্ত সফলভাবে সব কার্যক্রম সম্পন্ন করা গেছে।’
গত ১৭ এপ্রিল রাত ১১ ট ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
/কেএইচও