বিএনপি যে ওয়াদা দেয় ক্ষমতায় গেলে তা পূরণ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের জনসভায় পৌঁছানোর পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এরপর জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে আরেকটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।
তিনি বলেন, ‘আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়, জনগণের অংশগ্রহণ প্রয়োজন। দেশকে পুনর্গঠন করতে হবে। সবার আগে দেশ, দেশটা সবার।’
আরও পড়ুন
প্রধানমন্ত্রী বলেন, ‘জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে। আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।’
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের ব্যাপারে বলেছিলাম। তারই অংশ হিসেবে আজকে চাঁদপুর সফর করছি। আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। সকল প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।
এ সময় কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।
/কেএইচও