পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইমরান হোসেনের (এলাকায় 'ইতালি বাড়ি' হিসেবে পরিচিত) বাড়িতে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত চাল সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুদ করা ছিল। চালের বস্তাগুলোর পাশাপাশি ওই বাড়ি থেকে আরও ২৪টি খালি সরকারি বস্তা উদ্ধার করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আমরা এই সরকারি চাল উদ্ধার করেছি। অভিযানের সময় বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা উপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা চক্র চালগুলো ওই বাড়িতে অবৈধভাবে মজুদ করেছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
জেলেদের জন্য আসা এই সরকারি চাল আত্মসাতের চেষ্টার ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সময়ের আলো/জোই