চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কাজ পরিদর্শন শেষে শনিবার (১৬ মে) দুপুরে এক বিশাল সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে এক আবেগঘন ঘটনা ঘটে। সমাবেশ থেকে তিনি সাইফুল ইসলাম লিটন নামের এক সাধারণ কৃষককে ডেকে নিজের পাশে বসান এবং তার সঙ্গে কথা বলেন। তিনি আন্তরিকভাবে ওই কৃষকের জীবন ও সমস্যার কথা শোনেন।
প্রধানমন্ত্রীর এমন আচরণে কৃষক সাইফুল ইসলাম আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি এমন একটি সুযোগ পেয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর পাশে বসে নিজের কথা সরাসরি বলতে পারা তার জীবনের একটি বড় স্মৃতি হয়ে থাকবে।
খাল পুনঃখনন কর্মসূচি ও এই সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। সকাল থেকেই দূরদূরান্ত থেকে মানুষ এসে জড়ো হন, নেতাকে এক নজর দেখার জন্য।
সমাবেশে প্রধানমন্ত্রী দেশের কৃষক ও সাধারণ মানুষের কথা শোনেন এবং উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে এখানেই থেমে থাকা যাবে না। দেশকে আরও খাদ্যে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে, যাতে ভবিষ্যতে কোনো মানুষকে খাদ্যের জন্য কষ্ট না পেতে হয়। তিনি আরও বলেন, নারীদের উচ্চশিক্ষা সহজ করতে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ সরকার বহন করবে।
প্রধানমন্ত্রীর এই ঘোষণায় উপস্থিত জনতা ও নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এ সময় করতালি দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
আরবিএন