যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনা কমাতে এবং শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি দুই দিনের অঘোষিত সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন।
শনিবার (১৬ মে) তিনি তেহরানে পৌঁছান বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও ইসনা জানায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী এসকান্দার মোমেনি। এরপর দুই দেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আটকে থাকা শান্তি আলোচনা আবার শুরু করাই এই সফরের মূল লক্ষ্য। পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর জন্যও পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা রাখছে।
বৈঠকে ইরানের মন্ত্রী এসকান্দার মোমেনি পাকিস্তানের উদ্যোগের প্রশংসা করেন। তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করেন এবং বিশেষভাবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের শান্তি প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
তবে পরে শান্তি প্রক্রিয়া থমকে যায়। সেই অচলাবস্থা কাটিয়ে আবার আলোচনা শুরু করতেই এবার মহসিন নাকভির এই সফর। দুই মাসের মধ্যে এটি তার দ্বিতীয় তেহরান সফর। গত মাসেও তিনি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরান সফর করেছিলেন।
আরবিএন