একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে একজন প্রতিবন্ধীও আগামী ৮ বছর পর সরকারি ভাতার বাইরে থাকবে না বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার

2026-05-16T21:50:27+00:00
2026-05-16T21:50:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৫০ পিএম 
বেলাবো উপজেলা পরিষদ হলরুম আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বাংলাদেশে একজন প্রতিবন্ধীও আগামী ৮ বছর পর সরকারি ভাতার বাইরে থাকবে না বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যাদের পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদের সবার নাম দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, চলতি ২০২৬ সালের জুলাই মাস থেকেই নতুন করে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে রাষ্ট্রীয় ভাতার আওতায় নিয়ে আসা হবে। 

শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জনকল্যাণমূলক সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানান।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি নির্বাচনের আগে আপনাদের স্পষ্ট বলেছিলাম যে আমরা কাউকে বেহেশতের টিকিট দেব না। তবে এমন একটি জিনিস দেব, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের জন্য বিশেষ কল্যাণ হিসেবে দান করবেন। আমরা মূলত তিনটি জিনিস দিচ্ছি, যাতে দেশের মায়েরা ভালোভাবে জীবনযাপন করে, আল্লাহর ইবাদত করে সুখী মনে নিজেদের সন্তানদের লালন-পালন করতে পারেন এবং মাতৃত্বের সঠিক পরিচয় দিতে পারেন। 

সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।’ উপস্থিত সুবিধাভোগী নারীদের উদ্দেশে তিনি রসাত্মক সুরে বলেন, এই কার্ডের মাধ্যমে নারীরা ১২ মাসে মোট ৩০ হাজার টাকা সরাসরি জমা নেবেন, যার ফলে টাকা পয়সার জন্য তাঁদের আর জামাই বা স্বামীদের কাছে গিয়ে ঘুরতে হবে না; বরং জামাইরাই উল্টো স্ত্রীদের কাছে এসে হাত পেতে টাকা চাইবে এবং এটি খুব দ্রুত বাস্তবায়িত হতে যাচ্ছে।

দেশের মাতৃস্বাস্থ্য ও তৃণমূলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়ে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশে গর্ভবতী মায়েদের প্রসব বেদনা বা লেবার পেইনকে বৈজ্ঞানিক উপায়ে কিছুটা বিলম্বিত করে সফলভাবে নরমাল ডেলিভারি করানোর জন্য একটি অত্যন্ত আধুনিক ও নতুন ওষুধ এসেছে। 

এই নতুন চিকিৎসাসেবা প্রান্তিক পর্যায়ের সাধারণ মায়েদের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার একসঙ্গে ১ লাখ নতুন দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে। তিনি দেশবাসীকে কিছুটা ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলেন, সরকারি চিকিৎসা সেবা পাওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করুন, দেশের প্রতিটি নাগরিকের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোট ৩৬৬ জন প্রকৃত উপকারভোগী মায়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত এবং বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: