খাগড়াছড়ির রামগড়ে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযানের সময় গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হন।
আটকরা হলেন, সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) এবং রাজু মারমা ওরফে সাচিং (১৯)। তাদের মধ্যে রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর এবং অন্য দুজন সংগঠনটির সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা রামগড় ও গুইমারা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আটক রনেল চাকমার কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এই অভিযান পরিচালিত করা হয়। এ সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালায়। পাল্টা গুলিতে তারা পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশিতে সুইথোয়াই মারমাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়। আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
/এসএকে