মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক শিবিরকর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার ( ১৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন বিদেশে থাকায় তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে একই এলাকার লাকু সরদারের ছেলে ইব্রাহিম সরদারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
পরিবারের সদস্যদের দাবি, প্রায় দুই থেকে তিন বছর ধরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার ইব্রাহিমের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে ইব্রাহিম সরদার প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে শফিকুল ইসলামের ভাই ও ভাবি তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা দুজনকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রানী খাতুন বলেন, তার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং দীর্ঘদিন ধরে তাদের যোগাযোগ ছিল।
বিনোদপুর ইউনিয়ন শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, ‘ইব্রাহিম সংগঠনের কোনো পদে নেই, তবে সে শিবিরের একজন কর্মী। সে আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হলেও তার এমন কর্মকাণ্ডের জন্য যথাযথ শাস্তি হওয়া উচিত।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, ‘দুজনকেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
/এসএকে