নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমাদের তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী— স্বর্ণের চেইন পরা গলার কোনো সচ্ছল মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়। সেদিকে আপনাদের কঠোর দৃষ্টি রাখতে হবে।
শনিবার (১৬ মে) বিকেলে নোয়াখালীর সেনবাগে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মানুষের কাছে আড়াই হাজার টাকা বড় কথা নয়; বড় কথা হলো নেতা তার প্রতিশ্রুতি রক্ষা করছেন।’
অনুষ্ঠানে নোয়াখালীর সেনবাগের ৩৮৮ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবনে উৎসবমুখর পরিবেশে নারীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।
মাদক ও আইনশৃঙ্খলার বিষয়ে জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনি যে অফিসার পাঠাবেন, সেখানে যদি কোনো বিএনপি নেতাও ইয়াবা ব্যবসায়ী হয়, সে কিন্তু পুলিশ অফিসারকে ম্যানেজ করবে। যেহেতু সরকার বিএনপির, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। সে বিএনপি হোক বা যে দলেরই হোক— ইয়াবা ব্যবসায়ী, ইভটিজার ও কিশোর গ্যাংয়ের আড্ডা যেদিন বন্ধ করতে পারবেন, সেদিনই আপনি একজন সৎ পুলিশ সুপার হবেন।’
সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জে.এম মিজানুর রহমান, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম প্রমুখ।
/কেআই