প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:২১ পিএম
আগুনে ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘর। ছবি : সময়ের আলোবান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে বাঘমারা বাজারের অধিকাংশ দোকান ও স্থাপনা বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবলু মহুরী, মিদু রাখাইনসহ কয়েকজন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই দোকান বা ঘর থেকে কোনও মালামাল বের করতে পারেননি।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, ‘দুর্গম এলাকা হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
/মহু