ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে সংঘর্ষে আহত ২০; চলছে সমঝোতা বৈঠক

গাজীপুর প্রতিনিধি

শিক্ষা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৭

2026-05-17T15:25:32+00:00
2026-05-17T16:24:19+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিক্ষা
ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে সংঘর্ষে আহত ২০; চলছে সমঝোতা বৈঠক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৪:২৪ পিএম
ভিসি নিয়োগ নিয়ে রোববার ডুয়েটে সংঘর্ষে আহত ২০। ছবি : সংগৃহীত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) এ ঘটনায় পুলিশ সদস্য ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, সরকার সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই ডুয়েটের শিক্ষার্থীদের একটি পক্ষ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। 

গত বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শিক্ষার্থীরা ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করতে শহিদ মিনার এলাকায় জড়ো হন। তারা নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। 

অন্যদিকে ভিসিকে স্বাগত জানাতে আসা আরেক পক্ষ গেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ, ইউএনও, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

আহতদের মধ্যে গাজীপুর মহানগর পুলিশের কয়েকজন কর্মকর্তা ও গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন রয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় তিনি নিজেসহ অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া কয়েকজন পথচারীও আহত হয়েছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা বৈঠক চলছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেন, তাদের আন্দোলন সম্পূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত কর্মসূচি। তারা ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবি জানিয়ে আসছেন।


এদিকে আন্দোলন ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের রাজনৈতিক ব্যাখ্যা ও পক্ষ-বিপক্ষ প্রচারণা দেখা গেলেও শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে নয়, বরং ডুয়েটের স্বার্থ রক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ডুয়েট 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: