বিসিবির স্কোরার সাইদুরকে বাঁচাতে প্রয়োজন ২০ লাখ টাকা, মেয়ের আবেগঘন স্ট্যাটাস

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বিসিবির সিনিয়র স্কোরার সাইদুর রহমান ভূঁইয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। তার মা হারানো মেয়ে অহনা বাবার আশ্রয়টুকু আর হারাতে

2026-05-17T17:52:34+00:00
2026-05-17T18:03:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
বিসিবির স্কোরার সাইদুরকে বাঁচাতে প্রয়োজন ২০ লাখ টাকা, মেয়ের আবেগঘন স্ট্যাটাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৬:০৩ পিএম
বিসিবির স্কোরার সাইদুর রহমান ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বিসিবির সিনিয়র স্কোরার সাইদুর রহমান ভূঁইয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। তার মা হারানো মেয়ে অহনা বাবার আশ্রয়টুকু আর হারাতে চান না। সবার সহযোগিতায় বাবাকে সুস্থ করে তুলতে চান তিনি। সম্প্রতি অহনা বাবা সাইদুরের সঠিক চিকিৎসা নিশ্চিতে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন।

অহনা লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমি অহনা, রাজউক উত্তরা মডেল কলেজের একজন শিক্ষার্থী এবং এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। আজ এক বুক হাহাকার আর সাহায্য পাওয়ার আশায় আপনাদের কাছে এই আবেদনটি করছি। আমাদের জীবনটা মোটেও সহজ ছিল না। ২০২২ সালে আমি আমার মাকে হৃদরোগে হারাই। আমার জীবনের সবচেয়ে কঠিন সেই সময়ের পর আমাদের পরিবার কখনোই আগের মতো হতে পারেনি। এখন আমি আমার বাবাকেও হারানোর ভয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকি।

২০২৪ সালের নভেম্বর থেকে প্রায় দুই বছর যাবৎ আমার বাবার নিয়মিত ডায়ালাইসিস চলছে। আপনারা হয়ত অনেকেই জানেন যে, ডায়ালাইসিস কেবল একটি সাময়িক ব্যবস্থা। দীর্ঘমেয়াদে বেঁচে থাকার জন্য কিডনি ট্রান্সপ্ল্যান্টই তার শেষ ভরসা। দুর্ভাগ্যবশত, আমাদের পরিবারের আর্থিক অবস্থা এখন চরম সংকটে। বাবার নিয়মিত ডায়ালাইসিসের খরচ জোগাতেই আমরা হিমশিম খাচ্ছি।

তিনি বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে আরও লেখেন, বাবার সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয়। ওষুধসহ প্রতি সেশনে খরচ হয় প্রায় ৫ হাজার টাকা। তার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে। ডায়ালিসিস সেশনগুলো তার হার্ট এবং লিভারের ওপরও প্রভাব ফেলতে শুরু করেছে। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন, যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, নাহয় অনেক দেরি হয়ে যেতে পারে।


তিনি লেখেন, একজন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে আমার পড়াশোনাও এখন অনিশ্চিত, বকেয়া বেতনের কারণে পরীক্ষায় বসতে না পারার ঝুঁকিতে আছি। আমার বড় বোন আইইউবিএটি-তে পড়াশোনা করছেন, তিনিও সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু এই বিশাল বোঝার ভার আমাদের একার পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিডনি প্রতিস্থাপন, ডোনার ফি এবং অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য আমাদের প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। যদি আমরা অবিলম্বে ১০ লাখ টাকা সংগ্রহ করতে পারি, তবে চিকিৎসা প্রক্রিয়া শুরু করতে পারব এবং বাকি টাকার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারব।

তিনি আর্থিক সাহায্য চেয়ে লিখেছেন, কোনও সাহায্যই ছোট নয়। সেটি আর্থিক অনুদান হোক বা পোস্টটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়া।

যেভাবে সাহায্য করতে পারেন :

ব্যাংক অ্যাকাউন্ট : 1507102323594001 (ব্রাক ব্যাংক - বনানী শাখা)

বিকাশ : 01711883665 (সাইদুর রহমান ভূঁইয়া) 

যাচাইয়ের জন্য যোগাযোগ : 01631321897

স্বচ্ছতার খাতিরে তিনি তার বাবার সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট এবং হাসপাতালের বিলগুলো পোস্টের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন। এবং তার বাবা ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

সাইদুর রহমানের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বল্প শুনই গ্রামে। বর্তমানে তিনি ঢাকার উত্তরায় বসবাস করছেন। তার কিডনি ট্রান্সপ্লান্ট করা অতি জরুরি, তাই যথাসম্ভব সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে তার পরিবারের সদস্যরা। বিশেষ করে ক্রিকেট ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ যদি তার পাশে দাঁড়ান, তাহলে আন্তর্জাতিক এই ক্রিকেট স্কোরার হয়ত এ যাত্রায় বেঁচে ফিরবেন।

/মহু


  বিষয়:   বিসিবি  স্কোরার  সাইদুর  মানবিক  আবেদন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: