রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের হারিয়ে যাওয়া নদী, খাল ও জলাশয়গুলোর প্রকৃত অবস্থান শনাক্ত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর (ইউডিডি) ঐতিহাসিক মানচিত্র ও আধুনিক স্যাটেলাইট ইমেজের সমন্বয়ে একটি বিশেষ গবেষণা শুরু করেছে।
রোববার (১৭ মে) রাজধানীর একটি সেমিনারে এ গবেষণা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাহমুদ আলী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শাকিল আখতার।
অনুষ্ঠানে মো. মাহমুদ আলী প্রতিমন্ত্রীর নিকট জেমস রেনেল কর্তৃক ১৭৭৬ সালে অঙ্কিত ঢাকার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্রের একটি কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সেমিনারে জানানো হয়, ইতিপূর্বে ঢাকা নিয়ে যত গবেষণা হয়েছে তার অধিকাংশতেই ১৮৮৮-১৯৪০ সালের ক্যাডাস্ট্রাল সার্ভে অথবা ১৯৬৬-১৯৮৪ সালের রিভিশনাল সার্ভে ম্যাপ অনুসরণ করা হয়েছিল।
দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার ফলে ওইসব ম্যাপে ঢাকার অনেক পুরোনো ও বিলুপ্ত নদী-খালের অস্তিত্ব পাওয়া যায়নি। বর্তমান গবেষণায় ২৫০ বছর আগের রেনেলের মানচিত্র ব্যবহারের ফলে ঢাকার আদি জলপথগুলোর অবস্থান নির্ভুলভাবে উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ঐতিহাসিক ও আধুনিক প্রযুক্তির সমন্বয় গবেষণার মূল উদ্দেশ্য হলো- ১৭৭৬ সালের মানচিত্রে চিহ্নিত ঢাকা ও তৎসংলগ্ন এলাকার নদী ও জলাশয়ের অবস্থানের সঙ্গে বর্তমান স্যাটেলাইট ইমেজের একটি তুলনামূলক বিশ্লেষণ করা।
এই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অতীতে যেখানে নদী বা খাল ছিল কিন্তু বর্তমানে ভরাট হয়ে ভবন বা অন্য স্থাপনা তৈরি হয়েছে, সেই স্থানগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যাবে।
/কেএইচও