চট্টগ্রাম নগরীর কোথাও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
রবিবার (১৭ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে মেয়র এই বিষয়টি পরিষ্কার করেন।
বিবৃতিতে চসিক মেয়র বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। সেই প্রেক্ষাপটেই জনসাধারণের বিভ্রান্তি দূর করতে প্রকৃত বিষয়টি তুলে ধরা হয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে আমি বরাবরই নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছি। কোনো ধরনের শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি করপোরেশন বা মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতির মতো ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ বিষয় মোটেও নয়।'
বিবৃতিতে আরও স্পষ্টভাবে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো বিভাগ বা শাখা নগরীর কোথাও গ্রাফিতি মোছার কোনো কার্যক্রম গ্রহণ করেনি। তাই এই সংবেদনশীল বিষয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার না ছড়ানোর জন্য মেয়রের পক্ষ থেকে সবার প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
সময়ের আলো/জেডি