ফাতাহ’র শীর্ষ কমিটিতে মাহমুদ আব্বাসের ছেলে ইয়াসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত ফিলিস্তিনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘ফাতাহ’-এর সাধারণ অধিবেশনে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ ‘সেন্ট্রাল

2026-05-17T23:00:41+00:00
2026-05-17T23:00:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ফাতাহ’র শীর্ষ কমিটিতে মাহমুদ আব্বাসের ছেলে ইয়াসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:০০ পিএম 
সংগৃহীত ছবি
অধিকৃত পশ্চিম তীরে দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত ফিলিস্তিনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘ফাতাহ’-এর সাধারণ অধিবেশনে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ ‘সেন্ট্রাল কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস। গাজায় ইসরায়েলের ভয়াবহ যুদ্ধের পর ফাতাহ যখন চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি, ঠিক তখনই রামাল্লায় তিন দিনব্যাপী এই অষ্টম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হলো। খবর আলজাজিরার

বৃহস্পতিবার শুরু হয়ে গত রোববার (১৭ মে) শেষ হওয়া এই অধিবেশনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ৬৪ বছর বয়সী ব্যবসায়ী পুত্র ইয়াসির আব্বাসের শীর্ষ কমিটিতে অন্তর্ভুক্তি দলটির ভেতরে ও বাইরে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। ইয়াসির আব্বাস মূলত কানাডায় বসবাস করেন এবং পাঁচ বছর আগে তাকে তার বাবার ‘বিশেষ প্রতিনিধি’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন সরাসরি উত্তরাধিকারী মনোনয়ন না হলেও, আব্বাস-পরবর্তী যুগে নিজেদের অবস্থান সুরক্ষিত করার একটি পারিবারিক প্রয়াস।

এই অধিবেশনে ফাতাহ’র কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদলের প্রত্যাশা করা হলেও পুরোনো অধিকাংশ নেতাই নিজেদের আসন ধরে রেখেছেন। তবে সব আকর্ষণ কেড়ে নিয়েছেন ফিলিস্তিনের তুমুল জনপ্রিয় শীর্ষ নেতা মারওয়ান বরগুতি। ২০০২ সাল থেকে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা এই নেতা সেন্ট্রাল কমিটির সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া জিবরিল রাজউব কমিটির সাধারণ সম্পাদক এবং ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ নিজ নিজ পদে বহাল রয়েছেন।

আয়োজকদের দেওয়া তথ্যমতে, ফাতাহ’র এই কাউন্সিলে ২ হাজার ৫০৭ জন ভোটারের মধ্যে প্রায় ৯৪.৬ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। সেন্ট্রাল কমিটির ১৮টি পদের বিপরীতে ৫৯ জন এবং দলের সংসদ হিসেবে পরিচিত ‘রেভল্যুশনারি কাউন্সিল’-এর ৮০টি আসনের বিপরীতে ৪৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রেভল্যুশনারি কাউন্সিলের ভোট গণনা এখনো চলছে।

গত বৃহস্পতিবার দলপ্রধান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস তার উদ্বোধনী ভাষণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) সংস্কার এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন। ব্যাপক দুর্নীতি, রাজনৈতিক স্থবিরতা এবং ফিলিস্তিনি জনগণের মাঝে গ্রহণযোগ্যতা হারানোর কারণে ফাতাহ ও পিএ বর্তমানে তীব্র আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ-পরবর্তী গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের যেকোনো ভূমিকার জন্য পূর্বশর্ত হিসেবে ব্যাপক প্রশাসনিক সংস্কারের দাবি জানিয়েছেন।

ঐতিহাসিকভাবে ফাতাহ ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) প্রধান চালিকাশক্তি হলেও গত কয়েক দশকে অভ্যন্তরীণ কোন্দল এবং শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়ায় দলটির জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এর ফলে ২০০৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হামাসের উত্থান ঘটে এবং পরবর্তীতে এক রক্তক্ষয়ী সংঘাতের মাধ্যমে গাজা থেকে ফাতাহ সম্পূর্ণ উচ্ছেদ হয়। বীরজেট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী জারবাউই বলেন, এই কাউন্সিল মাহমুদ আব্বাসের একক নিয়ন্ত্রণকে আবারও স্পষ্ট করেছে, তবে তার অবর্তমানে কে এই আন্দোলনের নেতৃত্ব দেবেন— সেই উত্তর দিতে ব্যর্থ হয়েছে।


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: