জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর শোকের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের বীর যোদ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানিয়েছে দেশের আপামর জনসাধারণ।
রোববার (১৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি, তিনি যেন কারিনা আপুর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন, তার কবর ও পরকালীন জীবন শান্তিময় ও সহজ করে দেন।
ফেসবুক পোস্টে বিরোধী দলীয় চিফ হুইপ সদ্যপ্রয়াত এই অভিনেত্রীর মৃত্যু পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, কারিনা আপুর মৃত্যু আবারও জাতির সামনে ফ্যাসিবাদীদের নির্মম ও অমানবিক চরিত্র উন্মোচিত করেছে। যারা মানুষের মৃত্যুতে উল্লাস করে, সভ্য সমাজে তাদের কোনো স্থান হতে পারে না।
কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনা কায়সারের কফিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন ও জানাযায় মানুষের ঢল নামার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, শহিদ মিনারে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আবারও প্রমাণ করেছে, বাংলাদেশ এখনো ঐক্যবদ্ধ, জুলাইয়ের শক্তি এখনো অটুট ও সংহত।
বিগত সরকারের সমালোচনা এবং বিচারের দাবি পুনর্ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে কেবলই ন্যায়বিচারের মুখোমুখি হওয়ার জন্য। খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে সকল গণহত্যার দায় পরিশোধ করবে বাংলাদেশ।
/কহু