চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা-এ ভ্যান চুরির অভিযোগকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ওই দিন সন্ধ্যা থেকেই উত্তেজনা চলছিল বলে জানা যায়।
ভ্যান চুরির অভিযোগে দুদু (২৩) নামের এক যুবককে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং দুই সন্তানের জনক। অভিযোগ উঠেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে মারধর করে।
ঘটনাটি ঘটে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজ ও পরে হাউসপুর ঈদগাহ মাঠ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে হাউসপুর গ্রামের এক ব্যক্তির ভ্যান চুরি হয়। ওই ঘটনার সন্দেহকে কেন্দ্র করে দুদুর সঙ্গে বিরোধ তৈরি হয় এবং তাকে চুরির জন্য দায়ী করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রথমে তাকে বাড়িতে হুমকি দেওয়া হয়। পরে কুমার নদের আসাননগর ঘাট এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এরপর হাউসপুর ঈদগাহ মাঠে নিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ক্লিনিকে নিলে তার মৃত্যু হয়। পরে মরদেহ ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
আলমডাঙ্গা থানার ওসি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
/এসএকে