ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছভর্তি ট্রাকের পিছনে অন্য একটি মাছভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) ভোর পাঁচটার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ঢাকামুখী আতাদি ফ্লাইওভারে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাছবোঝাই ট্রাকের চালক শামিম মিয়া (৩০)। তিনি যশোর কোতোয়ালি থানার চাঁচড়া গ্রামের বাসিন্দা ও নিহত অপরজন অজ্ঞাত (৩৫)। তবে ধারণা করা হচ্ছে, তিনি অপর ট্রাকের হেলপার।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ ও গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অপরজন মারা যান। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল খান বলেন, ঢাকাগামী গাছের চারাবোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছবোঝাই ট্রাক এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার নিহত হন। এছাড়া গুরুতর আরও দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, নিহত দুজনই মাছের ট্রাকের চালক ও হেলপার। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। দুইটি ট্রাক জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ দিনে একই মহাসড়কের এক কিলোমিটারের মধ্যে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ মোট ৬ জনের প্রাণহানি হলো।
সময়ের আলো/জো