পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে। সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে।
সেই অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৬ মে) হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’ অনুষ্ঠিত হবে। এর পরদিন বুধবার (২৭ মে) সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। এরপর আনুষ্ঠানিকভাবে হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়।
হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ৯ তারিখ ‘ইয়াওমে আরাফা’ হিসেবে পালন করা হয়, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই ময়দানে অবস্থান করাই হজের মূল রুকন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও আত্মশুদ্ধির আশায় মুসল্লিরা সেখানে দিনব্যাপী ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।
এর পরের দিন অর্থাৎ জিলহজের ১০ তারিখ মুসলিম বিশ্বে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
হজকে কেন্দ্র করে ইতোমধ্যে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো হাজির সমাগম ঘটেছে। মুসল্লিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
সময়ের আলো/জেডি