মাদারীপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর চাচাসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। হামলার সময় স্থানীয় একটি ভ্যানগাড়ির গ্যারেজ ভাঙচুরের ঘটনাও ঘটে।
রোববার (১৭ মে) বিকেলে জেলার শিবচর উপজেলার ভদ্রাসন স্কুল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার বিকেলে ভদ্রাসন স্কুল গেট এলাকায় স্থানীয় এক স্কুলছাত্রীকে শামিম সরদার, ফাহাদ সরদারসহ কয়েকজন যুবক উত্ত্যক্ত করে। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীর স্বজনরা অভিযুক্ত শামীম ও ফাহাদকে এ বিষয়ে জিজ্ঞেস করেন। এতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দলবল নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেলোয়ার (৫০), সিরাজুল শেখ (৪৫), জুয়েল বেপারী (২৩) ও মহাসীন বেপারীকে (৩২) গুরুতর আহত করে।
পরে আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে মাদারীপুরের শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, অভিযুক্তরা সবাই পাশের শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/জোই