আলীকদমে পাহাড় কেটে অবৈধ ইটভাটা, ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় কেটে, বনজ গাছ পুড়িয়ে এবং শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে লাগিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি,

2026-05-18T12:58:12+00:00
2026-05-18T12:58:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আলীকদমে পাহাড় কেটে অবৈধ ইটভাটা, ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:৫৮ পিএম 
ইটভাটায় কাজ করছে শিশু কিশোররা। ছবি : সময়ের আলো
বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় কেটে, বনজ গাছ পুড়িয়ে এবং শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে লাগিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে পাহাড়ি বনাঞ্চলে এসব পরিবেশবিধ্বংসী কার্যক্রম চলছে।

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর জানিয়েছে, সরকারের কোনো অনুমোদন ছাড়াই গহিন পাহাড়ি এলাকায় এসব ইটভাটা গড়ে তোলা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আলীকদম-থানচি সড়কের পাশে উপজেলা সদর থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দূরে পাহাড় কেটে তৈরি করা হয়েছে কয়েকটি ইটভাটা। সেখানে ১২ থেকে ১৪ বছর বয়সী অন্তত ৯ থেকে ১০ জন শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে। কেউ কাঁচা ইট তৈরি করছে, কেউ ইট বহন করছে, আবার কেউ চুল্লির কাজে ব্যস্ত।

ভাটার পাশে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ বনজ গাছ মজুদ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব গাছ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে।
ইটভাটায় কাজ করা ১২ বছরের শিশু মোহাম্মদ হৃদয় জানায়, তার বাড়ি নোয়াখালীর আমিন বাজার এলাকায়। সাত মাস আগেও সে স্কুলে পড়ত। এখন সংসারের অভাবে ইটভাটায় কাজ করছে। হৃদয় বলে, আগে স্কুলে যেতাম। এখন এই কাজই করতে হয়।

আরেক শিশু শ্রমিক দেলোয়ার হোসেন জানায়, সেও কয়েক বছর আগে স্কুল ছেড়ে ইটভাটায় কাজ শুরু করে। তার ভাষায়, পড়াশোনা করতে ইচ্ছা করে, পরিবার ভরণ পোষণ চালানো সম্ভব হচ্ছে না, কিন্তু এখন কাজ ছাড়া উপায় নেই।


খোঁজ নিয়ে জানা গেছে, ‘ইউবিএম’ নামে একটি ইটভাটা পরিচালনা করছেন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। আর ‘এফবিএম’ ভাটাটি পরিচালনা করছেন রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা শওকত তালুকদার।

বর্তমানে মালিকরা আত্মগোপনে থাকায় ম্যানেজারদের মাধ্যমে ভাটাগুলো পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। ইউবিএম ভাটার ম্যানেজার মোহাম্মদ হোসেন বলেন, মালিকের নির্দেশনা অনুযায়ী ভাটা পরিচালনা করছি। ভাটাটি বৈধ নাকি অবৈধ, সেটি মালিক জানেন।

এফবিএম ভাটার ম্যানেজার মো. খালেদও একই ধরনের বক্তব্য দেন। সবকিছু মালিক নেতৃত্বে চলে।

তবে আত্মগোপনে থাকা ইটভাটা মালিকদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নূর হাসান সজীব বলেন, বান্দরবানের পাহাড়ি এলাকায় থাকা সব ইটভাটাই অবৈধ। পাহাড় কাটা, বনজ গাছ পোড়ানো এবং শিশুশ্রম সবইগুলি আইন লঙ্ঘনের শামিল। তিনি জানান, এর আগেইও কয়েকবার এসব অবৈধ ইটভাটা অভিযান পরিচালনা করেছি। আবারও খুব শিগগিরই অবৈধ ইটভাটা ও শিশুশ্রম বন্ধে অভিযান চালানো হবে।

লামা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন, ইটভাটাগুলোতে যে কাঠ ব্যবহার করা হচ্ছে, সেগুলো প্রাকৃতিক বনের গাছ হলেও তা বন বিভাগের নিয়ন্ত্রিত এলাকার নয়। খোঁজ নিয়ে জানা গেছে, খাস জমি থেকে গাছ কেটে এসব কাঠ সংগ্রহ করা হয়েছে। অবৈধভাবে কাঠ ব্যবহারের অভিযোগে এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুর আলম বলেন, এসব ইটভাটার কোনো সরকারি অনুমোদন নেই। আগেও অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে এ তথ্য আগে জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   আলীকদম  পাহাড় কেটে  অবৈধ ইটভাটা  ঝুঁকিপূর্ণ কাজে  শিশুশ্রম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: