নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় ঘাতক চালক মো. নাজমুল (২০) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (১৮ মে) চালককে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, রোববার রাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কলেজ গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চালক নাজমুল উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা। নিহত তন্ময় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
র্যাব জানায়, গত ৬ মে দুপুরের দিকে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তন্ময় কুরী ও তার সহপাঠী জিৎ দেবনাথকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তখনই স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তন্ময়কে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর।
তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
/মহু