চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানিয়েছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শরীয়তপুরে ডাক্তার নাসিরসহ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়। সোমবার (১৮ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
কর্মসূচিতে ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব চিকিৎসক নিয়াজ শহীদ রানা বলেন, যখনই বাংলাদেশে অন্যায় অত্যাচার হয়েছে তখনই ড্যাব মাঠে নেমেছে। ডাক্তার নাসিরের ওপর যে হামলা হচ্ছে সেটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি-না, সেটা খুঁজতে হবে। এসব হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাহলে ভবিষ্যতে আর কেউ চিকিৎসা বা স্বাস্থ্য সেবার কর্মীদের ওপর হামলার সাহস করবে না।
কর্মসূচিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ডাক্তার নাসির এখন আইসিইউতে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা ভবিষ্যতে কি হয় জানা নেই? ডাক্তারদের ওপর হামলার ঘটনা কি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে? দেশকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে। এসব মব সৃষ্টি কারা করছে এবং পিছনে কারা সবাইকে খুঁজে বের করতে হবে। অতি দ্রুত তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে৷
ড্যাবের উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম বলেন, আমরা হামের যে ভয়াবহ পরিস্থিতি দেখছি, এর জন্য অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী। একইভাবে চিকিৎসকদের মৃত্যুর ঘটনাগুলোর দায়ও তাদের নিতে হবে। কারণ ডা. জাহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্টরা শেষ মুহূর্ত পর্যন্ত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে গেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় তা কার্যকর করেনি, যদিও তারা চাইলে এটি করতে পারত।
ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, চিকিৎসক নাসিরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে তার জীবন রক্ষা করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তবে আমাদের একটাই প্রশ্ন—আর কতদিন এভাবে চলবে? ড্যাব মহাসচিব বলেন, চিকিৎসকদের পাশাপাশি নার্স, টেকনোলজিস্টসহ স্বাস্থ্যসেবার সকল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন জরুরি। এমন একটি আইন করতে হবে, যার মাধ্যমে দেশের যেকোনো স্থানে একজন রোগী চিকিৎসা নিতে পারবে এবং চিকিৎসকরা নিরাপদ পরিবেশে সেবা দিতে পারবেন।
তিনি আরও বলেন, আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থায় রেফারেল সিস্টেম শক্তিশালী করা হোক এবং শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হোক।
ড্যাবের অফিস সেক্রেটারি এরফান আহমেদ সোহেলের সঞ্চালনায় সংগঠনের প্রধান উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, সংগঠনের সহসভাপতি মো. আবুল কেনান, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. তারেক, ডাক্তার মেহেদী হাসান ও সাইক্রিয়াটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি নাদিম ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।