মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার ভুরঘাটা এলাকার নূর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এছাড়া বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত তন্নী খান ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া খান বাড়ীর জিয়া উদ্দিন খানের মেয়ে। তার স্বামী আল আমিন হাওলাদার পেশায় প্রাইভেটকার চালক। তাদে দাম্পত্য জীবনের বয়স ছিল প্রায় দুই বছর।
স্বজনরা জানান, সোমবার সকাল ৭টার দিকে প্রসবজনিত সমস্যার কারণে তন্নী খানকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার নূর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে ডাক্তার ইশরাত জাহান ঐশি ও হিমেল মাহমুদ তার অস্ত্রোপচার করেন।
রোগীর স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় রোগীর নাড়ি কেটে ফেলা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন, ভুলভাবে নাড়ি কাটার কারণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর সোমবার বিকেলে বিক্ষুব্ধ স্বজন ও জনতা মিলে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় সড়ক অবরোধ করে। এবং নূর ক্লিনিকে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর হাসপাতালটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ভুল চিকিৎসার অভিযোগে স্বজনরা সড়ক অবরোধ করেছিল। তারা লিখিত অভিযোগ বা মামলা করলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
/কেআই