বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ট্রফি জেতা হয়নি। এবার শিরোপা রেসেই থাকতে পারেনি গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সবাইকে পেছনে ফেলে লিগ টাইটেল ঘরে তুলেছে দেশের শীর্ষ করপোরেট ক্লাব বসুন্ধরা কিংস। তবে লিগের দুঃখ কিছুটা হলেও ভুলেছে ফেডারেশন কাপের পারফরম্যান্সে। ২০২৪ সালের পর আবার ফেড কাপের ফাইনালে উঠেছে সাদা-কালোরা। যেখানে তাদের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। আজ বিকাল সাড়ে ৫টায় দুদলের ফাইনাল বসুন্ধরার ঘরের মাঠ কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ম্যাচের আগে এই ভেন্যু নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
অবশ্য ম্যাচের আগে নয়, এক সপ্তাহ ধরেই চলছে এ নিয়ে আলোচনা। কিংসের ভেন্যুতে কোনোভাবেই খেলতে রাজি নয় মতিঝিল ক্লাবপাড়ার দলটি। এ বিষয়ে গত ১২ মে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর চিঠিও দিয়েছে ক্লাবটি। সেই চিঠি নিয়েই গতকাল আলোচনায় বসে মোহামেডান-বাফুফে। তবে আলোচনা ফলপ্রসু হয়নি। তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করে বাফুফে ভবন থেকে বের হয়ে মোহামেডানের পরিচালক মোস্তাকুর রহমান বলেছেন, ‘আমি ক্লাবের পক্ষ থেকে বাফুফে সভাপতিকে জানিয়ে দিয়েছি কিংস অ্যারেনায় আমাদের পক্ষে ফাইনাল খেলা সম্ভব না। বিকল্প হিসেবে যেকোনো নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের অনুরোধ করেছি। এখন বাফুফে কী করবে, সেটা তাদের বিষয়।
মোস্তাকুর রহমান আরও যোগ করেন, ওই মাঠে অতীতে মোহামেডান যত প্রতিকূলতার মধ্যে পড়েছিল, সবই অবহিত করেছি সভাপতিকে। তিনি কোথায় খেলা হবে সভাপতি তাৎক্ষণিক কিছু বলেননি। অন্যদের সঙ্গে আলোচনা করে জানাবেন বলেছেন। আপাতত এ পর্যন্তই আছে ইস্যুটা। ভেন্যু নিয়ে জটিলতা কাটুক বা না কাটুক শিরোপায় চোখ রাখছেন মোহামেডানের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু। সময়ের আলোকে মোবাইল ফোনে সেন্টু জানান, লিগ টাইটেল আমাদের এবার হাতছাড়া হয়েছে। লিগে পারফরম্যান্স প্রত্যাশা মতো হয়নি। তবে ফেডারেশন কাপটা আমরা ঘরে তুলতে চাই। সবাই ট্রফি জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী। দলে আপাতত কোনো সমস্যা নেই। তবে টুকটাক ইনজুরি সমস্যা এগুলো সব টিমেই থাকে। এসব নিয়ে ভাবছি না। আমার চোখ ট্রফি জয়ে।’
ভেন্যু পরিবর্তনের জন্য মোহামেডান যে চিঠি দিয়েছে ওই ব্যাপারে কী বলবেন এমন প্রশ্নে সেন্টু বলেন, ‘এসব নিয়ে আমার বলার কিছু নেই। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি কোচ। আমার ফোকাস মাঠের পারফরম্যান্সে।’
আমি শুধু বলব নিরপেক্ষ ভেন্যু হলে বিতর্ক থাকে না। ২০২৪ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। তারা কিন্তু নিরপেক্ষ ভেন্যু অর্থাৎ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলে চ্যাম্পিয়ন টাইটেল ঘরে তুলেছে।
আরবিএন