যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই’র বিরুদ্ধে করা মামলায় বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত তার করা মামলা খারিজ করে দিয়েছে। খবরটি নিশ্চিত করেছে সিএনএন। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে প্রায় তিন সপ্তাহ ধরে শুনানি শেষে সোমবার (১৮ মে) এ রায় ঘোষণা করা হয়।
মামলার শুনানিতে ৯ সদস্যের জুরি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দেন যে, মামলাটি দায়ের করতে ইলন মাস্ক অনেক দেরি করেছেন। মাত্র প্রায় ৯০ মিনিট আলোচনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছান। পরে বিচারক ইভন গঞ্জালেজ রজার্স জুরির সিদ্ধান্ত বহাল রেখে মামলাটি খারিজ করেন।
বিচারক বলেন, জুরির সিদ্ধান্তকে সমর্থন করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে, তাই আদালত সেটিই গ্রহণ করছে।
২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় ইলন মাস্ক ছিলেন সহপ্রতিষ্ঠাতা। তিনি তখন প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগও করেন। পরে তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি মানবকল্যাণের উদ্দেশ্য থেকে সরে গিয়ে এখন লাভকেন্দ্রিক পথে চলে গেছে।
তার দাবি, এই পরিবর্তনের ফলে ওপেনএআই প্রধান সাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন।
অন্যদিকে ওপেনএআই পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানকে সবসময় অলাভজনক রাখার কোনো বাধ্যবাধকতা ছিল না। তাদের মতে, মাস্ক মূলত নিয়ন্ত্রণ না পাওয়ার হতাশা থেকেই মামলা করেছেন।
শুনানিতে ইলন মাস্ক নিজে, ওপেনএআই প্রধান সাম অল্টম্যান এবং মাইক্রোসফট প্রধান সত্য নাদেলাসহ অনেকেই সাক্ষ্য দেন। শুনানির সময় মাস্ককে কয়েকবার উত্তপ্ত অবস্থায়ও দেখা যায়।
বর্তমানে ওপেনএআই’র বাজারমূল্য প্রায় ৮৫২ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে বড় পরিসরে শেয়ার ছাড়ার প্রস্তুতিও নিচ্ছে।