বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১৪ মে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। এরপর আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন। এদিন শুনানিকালে নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেফতারের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আরও পড়ুন
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ, র্যাব ও বিজিবি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মারা যান জাহাঙ্গীর। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
এএডি/