জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার

2026-05-19T13:30:21+00:00
2026-05-19T13:35:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৩০ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ১:৩৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন শেষে কথা বলেন। ছবি: সংগৃহীত
একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। 

প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের লক্ষ্য। 

প্রধানমন্ত্রী বর্তমান সময়ে ভূমির শরিকানা ও জটিলতা বৃদ্ধির চিত্র তুলে ধরে বলেন, সময়ের পরিক্রমায় এক জমির মালিক এখন অনেকে। ফলে মালিকানা নিখুঁতভাবে রেকর্ডে রাখার ক্ষেত্রে ভূমি কর্মকর্তাদের দায়িত্ব অনেক বেড়েছে। দেশের নাগরিকরা সাধারণত মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি ও জমা-খারিজের মতো শব্দগুলোর সঙ্গে পরিচিত এবং এসব কাজের জন্য আগে ভূমি অফিসে আসতে হতো। তবে প্রযুক্তির কল্যাণে এখন ভূমি ব্যবস্থাপনা অনেক আধুনিক হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, ভূমি ব্যবস্থা যত বেশি ডিজিটাল হবে, জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথ তত সহজ হবে। অনলাইন সুবিধার কারণে জনগণের দুর্ভোগ ও ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। তিন দিনব্যাপী চলমান এই মেলা নাগরিকদের নিজেদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করবে। 

তিনি জানান, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাপিছু জমির পরিমাণ কমছে এবং এর অর্থনৈতিক মূল্য বাড়ছে। এর ফলে জমি নিয়ে বিরোধ ও মামলা বাড়ছে, যা ব্যক্তিজীবন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন পর্যন্ত বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতিতে ভূমির পরিকল্পিত ব্যবহার ও নিখুঁত রেকর্ড সংরক্ষণ সময়ের বড় দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমি মন্ত্রণালয় নির্ভুল জরিপ ও ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা নিশ্চিতের কাজ করছে, যাতে জনগণকে অফিসে অফিসে ঘুরে হয়রানি ও দুর্নীতির শিকার হতে না হয়।


সরকারের ধারাবাহিকতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থার আধুনিকায়নের বিষয়টি জাতীয় নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। দেশব্যাপী এই ভূমিসেবা মেলার মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করল। তিনি স্পষ্ট করেন, দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে পিষ্ট দেশের মানুষ এখন রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নে মনোযোগ দিয়েছে।

প্রধানমন্ত্রী দেশের বিচার ব্যবস্থার ওপর চাপ কমানোর তাগিদ দিয়ে বলেন, বর্তমানে আদালতগুলোতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন, যার বড় অংশই জমিজমা সংক্রান্ত। এই মামলার জট দ্রুত নিষ্পত্তি করাই এখন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তবে প্রচলিত আদালতের বাইরে গ্রাম আদালত বা এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি)-এর মতো আইনানুগ মাধ্যমের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। এতে অল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হবে এবং সামাজিক শত্রুতা তৈরি হবে না।

এই প্রসঙ্গে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের উক্তি স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,  ‘শক্তি দিয়ে শান্তি রক্ষা করা যায় না, বোঝাপড়ার মাধ্যমেই এটি অর্জন করা সম্ভব।’ তিনি বিশ্বাস করেন, সমঝোতা ও সালিশের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে আদালতের মামলার জট কমবে এবং দ্রুত সমাধান মিলবে।

পরিশেষে প্রধানমন্ত্রী বলেন, ভূমি শুধু সম্পদ নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতি ও জীবিকার ভিত্তি। এই গভীর উপলব্ধি থেকেই ভূমি ব্যবস্থাপনাকে হয়রানিমুক্ত করার অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার। সারা দেশের জেলা ও উপজেলায় শুরু হওয়া এই মেলা থেকে নাগরিকরা ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন ও খতিয়ান গ্রহণসহ ভূমিসংক্রান্ত সকল অভিযোগ নিষ্পত্তির সুবিধা পাবেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ভূমি ব্যবস্থাপনা  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: