কার্ড থেকে মোবাইল লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস (যেমন বিকাশ, রকেট, নগদ) এর ব্যক্তিগত অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে ‘অ্যাড

2026-05-19T20:43:59+00:00
2026-05-19T20:43:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
কার্ড থেকে মোবাইল লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৪৩ পিএম 
ফাইল ছবি
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস (যেমন বিকাশ, রকেট, নগদ) এর ব্যক্তিগত অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে ‘অ্যাড মানি’ বা টাকা স্থানান্তরের ক্ষেত্রে নতুন  জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট (পিএসডি)-১ এই সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে। 

গ্রাহকদের লেনদেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জালিয়াতি রোধে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশে কার্যরত সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার প্রতিষ্ঠান এবং তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইতিমধ্যেই এই নির্দেশনার অনুলিপি পাঠিয়ে অবিলম্বে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, একটি সাময়িক পদক্ষেপ হিসেবে এখন থেকে প্রথমবার কোনো ব্যাংক কার্ড এমএফএস অ্যাকাউন্টে যুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’ সম্পন্ন করতে হবে। এই প্রাথমিক টোকেন লেনদেনটি সফলভাবে সম্পন্ন হওয়ার ঠিক ২৪ ঘণ্টা পার হওয়ার পর সংশ্লিষ্ট কার্ডটি ওই এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে স্থায়ীভাবে সংযুক্ত হবে এবং গ্রাহক নিয়মিত ও বড় অঙ্কের লেনদেন বা অ্যাড মানি করতে পারবেন। তবে এই বাধ্যবাধকতা সবসময় থাকবে না। 

আগামী ১ আগস্ট থেকে কার্ড থেকে এমএফএস ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আনার সময় যদি দেখা যায় যে এমএফএস অ্যাকাউন্টটি সংশ্লিষ্ট কার্ডধারীর নিজের নামেই নিবন্ধিত রয়েছে, তবে তা নিশ্চিত হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট যুক্ত করে লেনদেন করা যাবে। সেই ক্ষেত্রে নতুন করে এই টোকেন লেনদেনের কোনো বাধ্যবাধকতা বা ২৪ ঘণ্টার নিয়ম থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন থেকে কার্ড থেকে এমএফএস ব্যক্তিগত অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ করার এই পুরো প্রক্রিয়াটিকে কোনোভাবেই ‘মার্চেন্ট পেমেন্ট’ হিসেবে বিবেচনা করা যাবে না, বরং এটিকে স্পষ্ট করে ‘ফান্ড ট্রান্সফার’ বা তহবিল স্থানান্তর হিসেবে গণ্য ও চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি গ্রাহক যখন লেনদেন করবেন, তখন টাকা গ্রহণকারী বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট বা ওয়ালেট নম্বরটি সংশ্লিষ্ট কার্ড ইস্যুকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে সম্পূর্ণভাবে দৃশ্যমান থাকতে হবে, যাতে যেকোনো অনিয়ম সহজেই ট্র্যাক করা যায়।

কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে যে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই নতুন কারিগরি ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান এই ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আগামী ১ আগস্ট থেকে সেই সব কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ করার সমস্ত ডিজিটাল সুবিধা পুরোপুরি বন্ধ রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক তাদের বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করেছে, এমএফএস ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে অন্যান্য নিয়মিত সাধারণ লেনদেনের ক্ষেত্রে এর আগে জারি করা গত ২০২৫ সালের ২৭ মার্চের পিএসডি সার্কুলার নং-০২/২০২৫ এর সমস্ত নিয়মাবলি আগের মতোই বহাল থাকবে। শুধুমাত্র কার্ড থেকে টাকা স্থানান্তরের জালিয়াতি রুখতেই এই নতুন নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: