সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জলাবদ্ধতার কারণে পাঁচটি গ্রামের পাকা ধান পানির নিচে ডুবে গেছে। অপরিকল্পিত পুকুর খনন ও খাল ভরাটের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী, পওতা, কুসুম্বী ও মনোহরপুরসহ কয়েকটি গ্রামের শত শত বিঘা জমিতে বোরো ধান এখন হাঁটু পানির নিচে রয়েছে। টানা বৃষ্টি ও পানি নামতে না পারায় কৃষকেরা চরম বিপাকে পড়েছেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে ফসলি জমি কেটে পুকুর খনন করেছেন এবং পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ খাল ভরাট করে ফেলেছেন। এতে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে সাম্প্রতিক বৃষ্টিতে জমে থাকা পানি আর বের হতে না পেরে পুরো মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
মনোহরপুর গ্রামের কৃষক আরিফুল ইসলাম জানান, তিনি ১০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। কিন্তু টানা বৃষ্টির কারণে ধান পানিতে ডুবে গেছে, ফলে কাটা কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে পওতা গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, খাল বন্ধ করে পুকুর খননের কারণে পানি বের হতে পারছে না। এতে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এবং ক্ষতিপূরণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, উপজেলায় অধিকাংশ জমি তিন ফসলি হলেও অপরিকল্পিত পুকুর খননের কারণে অনেক এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, কৃষকদের অভিযোগ পাওয়া গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
আরবিএন