পবিত্র ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা ৮ দিন সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকায় পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন।
জানা গেছে, আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদের দুই দিন আগে থেকে আগামী ২৫ মে হতে ১ জুন পর্যন্ত সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে টানা ৮ দিন বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিন সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, থানার ওসি, উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, সোনালী ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক, পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক সমিতি, চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিএসএফ এবং উভয় দেশের চালক, কর্মচারী ও শ্রমিক অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আট দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে যথারীতি সিঅ্যান্ডএফ কার্যক্রমসহ সকল ব্যবসায়ী কার্যক্রম চলমান থাকবে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ঈদ উপলক্ষে ব্যবসা বন্ধের চিঠি পেয়েছি। তবে ইমিগ্রেশন পথ দিয়ে ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ী কার্যক্রম ৮ দিন বন্ধ রাখা হবে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে জানিয়েছে।
আরবিএন
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান জানান, “ঈদ উপলক্ষে আগামী ২৫ মে হতে ১ জুন পর্যন্ত ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।”