নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলা

গত কয়েক দিন ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটাই- ২০২৬ সালের মহোৎসবের মঞ্চে কি দেখা যাবে নেইমার

2026-05-20T03:37:28+00:00
2026-05-20T03:37:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৩:৩৭ এএম 
কোটি ভক্তের হৃদস্পন্দন সচল করে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন সেলেসাওদের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
গত কয়েক দিন ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটাই- ২০২৬ সালের মহোৎসবের মঞ্চে কি দেখা যাবে নেইমার জুনিয়রকে! ইনজুরি, ফর্ম আর বয়স মিলিয়ে ব্রাজিলের পোস্টার বয়কে ঘিরে তৈরি হয়েছিল এক বিশাল ধোঁয়াশা। 

ফুটবলপ্রেমীদের মনে জমেছিল হাজারো জল্পনা-কল্পনা। অবশেষে কোটি ভক্তের হৃদস্পন্দন সচল করে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন সেলেসাওদের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ মঞ্চে হেক্সা মিশনের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। 

কোচের এই একটি সিদ্ধান্তেই যেন স্বস্তির নিশ্বাস ফেলেছে সাম্বা ভক্তরা। নেইমারকে ঘিরেই এবার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন বুনতে শুরু করেছে লাতিন আমেরিকার এই পরাশক্তি।

আনচেলত্তির ঘোষিত দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের এক দুর্দান্ত মেলবন্ধন দেখা গেছে। নেইমার জুনিয়রের অভিজ্ঞ কাঁধে যেমন থাকছে দলের মধ্যমণির দায়িত্ব, তেমনি আক্রমণভাগকে গতিময় করতে দলে আছেন রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়র। 

রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করতে তাদের সঙ্গে যোগ দেবেন বার্সেলোনার রাফিনিয়া এবং তরুণ তুর্কি এন্দ্রিক। এই আক্রমণভাগ যেকোনো প্রতিপক্ষের ডিফেন্সের জন্য এক মহা আতঙ্কের নাম।

মধ্যমাঠ বা মিডফিল্ডের দায়িত্ব সামলানোর জন্য আনচেলত্তি আস্থা রেখেছেন গিমারেস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিনিও, পাকেতার ওপর। 

রক্ষণভাগ বা ডিফেন্স লাইনে দেয়াল হয়ে দাঁড়াতে থাকছেন মার্কিনিয়োস, মিলিতাও, গ্যাব্রিয়েল ও দানিলোর মতো অভিজ্ঞ ও বিশ্বস্ত সেনানীরা। আর গোলপোস্টের নিচে ব্রাজিলের বিশ্বস্ততার প্রতীক হিসেবে যথারীতি থাকছেন অ্যালিসন বেকার ও এডারসন।

দল ঘোষণার পর যে প্রশ্নটি শোনার জন্য ফুটবল বিশ্ব মুখিয়ে ছিল, সংবাদ সম্মেলনে ঠিক সেই বিষয়টি নিয়েই খোলামেলা কথা বলেন আনচেলত্তি। স্কোয়াডে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি কোনো আবেগীয় সিদ্ধান্ত ছিল না, বরং কঠোর পারফরম্যান্স ও ফিটনেস মূল্যায়নের ভিত্তিতেই যে এই মহাতারকাকে দলে নেওয়া হয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন সেলেসাও বস। 

আনচেলত্তি বলেন, ‘আমরা নেইমারকে পুরো বছরজুড়ে মূল্যায়ন করেছি এবং সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক খেলে যাওয়া ও শারীরিক অবস্থার উন্নতির বিষয় পর্যবেক্ষণে ছিল। (বিশ্বকাপে) অন্যদের মতো তারও একই ভূমিকা এবং দায়িত্বশীলতা থাকবে, তবে তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। এটি সত্য যে কিছু পজিশনে আমরা অভিজ্ঞদের প্রাধান্য দিই।’

কোচের এই বক্তব্য পরিষ্কার করে দেয় যে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের তরুণ আর অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতেই নেইমারের ওপর পূর্ণ আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে চাপের মুখে নেইমারের অভিজ্ঞতা দলের বাকি সদস্যদের জন্য এক বিশাল টনিক হিসেবে কাজ করবে।

স্কোয়াডে জায়গা পেলেও মাঠে নামার জন্য নেইমার জুনিয়রকে যে কঠোর লড়াই করতে হবে, তা এবার একদম সাফ জানিয়ে দিলেন ব্রাজিল বস আনচেলত্তি। 

দলে থাকা মানেই শুরুর একাদশে জায়গা নিশ্চিত এই ধারণাকে উড়িয়ে দিয়ে সেলেসাও কোচ স্পষ্ট করেছেন যে, নামের ভারে নয়, বরং শতভাগ ফিটনেস ও মাঠের পারফরম্যান্স দেখেই একাদশ সাজাবেন তিনি।’

কাগজে-কলমে আনচেলত্তির এই দলটিকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং শিরোপার অন্যতম দাবিদার বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, নেইমারের ম্যাজিক আর আনচেলত্তির ট্যাকটিক্স মিলে ব্রাজিলকে বহু কাক্সিক্ষত সেই ‘হেক্সা’ এনে দিতে পারে কি না।

ব্রাজিলের বিশ্বকাপ দল

গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), এডারসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও)

ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল 
(আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিয়োস (পিএসজি), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার : ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)। 

ফরোয়ার্ড : এন্দ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত), ম্যাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।






  বিষয়:   নেইমার  বিশ্বকাপ  ব্রাজিল  বিশ্ব  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: