ওমানের দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে।
মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোক প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগের প্রশংসা করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রাতেই মরদেহ চার ভাইয়ের নিজ জেলা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নেওয়া হয়। বুধবার (২০ মে) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে।
/এসএকে