বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আবদুল কাদের। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা এবং মোটরসাইকেল চালক ছিলেন।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে তিন আরোহী মোটরসাইকেলে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত দুইজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে তারা পথেই মৃত্যুবরণ করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
আরবিএন