ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রাকিব হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের একমাত্র ছেলে।
মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে কালামপুর-বালিয়া আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বালিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন রাকিব। পথিমধ্যে বড় জেঠাইল এলাকায় বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
নিহত রাকিবের চাচা জানায়, বাড়ির পাশেই পিকআপ তাকে ধাক্কা দেয়। আর মাত্র কয়েক হাত আসলেই সে বাড়ি ফিরে আসতে পারতো।
ধামরাই থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক পিকআপ ও তার চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান এসব তথ্য নিশ্চিত করেন।
/মহু