সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের একটি গোয়াল থেকে ৬টি গরু চুরি হয়েছে। এতে খামারি ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে পাইকপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন মো. হাসান শেখের গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে দীর্ঘদিন ধরে গরুগুলো লালন-পালন করা হচ্ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও গরুগুলো গোয়াল ঘরে বেঁধে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মাঝরাতে সংঘবদ্ধ চোরচক্র বাইরে থেকে ঘরের ছিটকিনি লাগিয়ে দেন। পরে তারা গরু নিয়ে পালিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা খালি গোয়াল দেখতে পান।
আরও পড়ুন
গরুর মালিক মো. হাসান শেখ জানান, একসঙ্গে এতগুলো গরু চুরি হয়ে যাওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গরুগুলো উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। আশপাশের বিভিন্ন এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে চোরচক্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
/মহু