পাবনার বেড়ায় ফসলি জমির পাশে অবৈধভাবে পুকুর থেকে মাটি কাটার দায়ে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার আমিনপুর থানা এলাকার কাজীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ওই এলাকার হালিম মোল্লার পুকুরপাড়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ফসলি জমির পাশে পুকুর থেকে এসকোভেটর (ভেকু) দিয়ে মাটি কাটার সময় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সাতদিন ধরে ওই স্থান ও সংলগ্ন রাস্তা থেকে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরবিএন