পাবনায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ৬ লাখ পশু, জমে উঠেছে হাট

মুস্তাফিজুর রহমান

সারাদেশ

কোরবানির ঈদকে সামনে রেখে পাবনা জেলায় প্রস্তুত করা হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ গবাদিপশু। জেলার খামারিরা দেশি-বিদেশি জাতের ষাঁড় গরু

2026-05-20T18:04:01+00:00
2026-05-20T21:34:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ৬ লাখ পশু, জমে উঠেছে হাট
মুস্তাফিজুর রহমান
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ৯:৩৪ পিএম
পাবনা জেলায় প্রস্তুত করা হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ গবাদিপশু। ছবি : সময়ের আলো
কোরবানির ঈদকে সামনে রেখে পাবনা জেলায় প্রস্তুত করা হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ গবাদিপশু। জেলার খামারিরা দেশি-বিদেশি জাতের ষাঁড় গরু লালন-পালন করে ইতোমধ্যেই বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।

দুগ্ধ উৎপাদন ও উন্নত জাতের গরুর জন্য পরিচিত পাবনার প্রায় প্রতিটি উপজেলাতেই ছোট-বড় খামার গড়ে উঠেছে। গাভি পালনের পাশাপাশি খামারিরা কোরবানির জন্য বিশেষভাবে ষাঁড় গরু মোটাতাজা করছেন। ফলে জেলার বিভিন্ন পশুর হাটে এখন থেকেই ক্রেতা ও ব্যাপারিদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

জেলার অন্যতম পশু উৎপাদন কেন্দ্র ঈশ্বরদী উপজেলায় রয়েছে প্রায় তিন হাজার খামার। উপজেলার অরুণখোলা হাট সংলগ্ন দুটি খামারে বর্তমানে রয়েছে ৬০টি ষাঁড় গরু। এর মধ্যে জার্মান ও অস্ট্রিয়ান ক্রস (ফ্লেকভি) জাতের প্রায় ৩০ মণ ওজনের একটি বিশাল ষাঁড় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় ১০ লাখ টাকা।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর পাবনায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় সাড়ে ৬ লাখ পশু। এর মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ ছোট-বড় ষাঁড় গরু এবং বাকি পশুর মধ্যে রয়েছে ছাগল, ভেড়া ও মহিষ। 

জেলার মোট চাহিদা প্রায় সাড়ে ৩ লাখ পশু। ফলে প্রায় ৩ লাখ পশু উদ্বৃত্ত থাকবে, যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন জানান, শুধু ঈশ্বরদী উপজেলাতেই ঈদের জন্য প্রস্তুত রয়েছে প্রায় ৭৪ হাজার পশু, যেখানে স্থানীয় চাহিদা প্রায় ৪৩ হাজার। 

তিনি বলেন, প্রাকৃতিক উপায়ে গবাদিপশু মোটাতাজাকরণ ও নিরাপদ খাদ্য ব্যবহারে খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

খামারিরা বলছেন, গো-খাদ্যের দাম বৃদ্ধির কারণে গরু পালন এখন বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে।

খামারি মো. সোহান জানান, তার খামারে ৬০টি ষাঁড় গরু ছিল, এর মধ্যে ৪০টি ইতোমধ্যে বিক্রি হয়েছে। এখনও ২০টি গরু রয়েছে। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তারা কিছুটা হতাশ।

এদিকে জেলার অন্যতম পশুর হাট পুষ্পপাড়া হাটের ইজারাদার মো. আব্দুস ছালাম জানান, ঈদ উপলক্ষে হাট কর্তৃপক্ষ ও খামারিরা প্রস্তুত থাকলেও বৃষ্টি ও রোদের কারণে খামারিরা দামি পশু হাটে আনতে অনাগ্রহী। তিনি পশুর জন্য আধুনিক শেড নির্মাণের দাবি জানান।

জেলায় এবছর স্থায়ীভাবে বসছে ২৫টি পশুর হাট। কোরবানির ঈদ ঘিরে এসব হাটে এখন থেকেই জমে উঠছে কেনাবেচার পরিবেশ।

/এসএকে


  বিষয়:   কোরবানি  লাখ  পশু  হাট  গরু  ইসলাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: