ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মজয়ন্তী উৎসব। আগামী ২৩ মে থেকে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে। প্রতি বছরই ত্রিশাল তথা ময়মনসিংহবাসীর জন্য নজরুল জন্মজয়ন্তী উদযাপন আনন্দের উপলক্ষ হলেও এবার জাতীয়ভাবে আয়োজন এবং প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে বাড়তি উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকায়।
অনুষ্ঠানকে সফল করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নজরুল জয়ন্তীর উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী উপজেলার ‘ধলার খাল’ পুনঃখননসহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানা গেছে।
কবি নজরুলের বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালের নজরুল একাডেমি মাঠে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নান্দনিক মঞ্চ ও প্যান্ডেল তৈরির পাশাপাশি চলছে নানা কর্মযজ্ঞ। তিনদিনব্যাপী আয়োজনে থাকবে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা এবং বইমেলা।
দীর্ঘদিন পর নজরুল জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক স্টে. এনামুল হক ভূইয়া বলেন, এবারের আয়োজনকে আড়ম্বরপূর্ণ করতে স্থানীয় প্রশাসনসহ সবাইকে সঙ্গে নিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের এই আয়োজনকে কেন্দ্র করে ত্রিশালসহ পুরো ময়মনসিংহ অঞ্চলে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রতি বছরের মতো এবারও একই মাঠে বসছে গ্রামীণ মেলা ও বইমেলা।
স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন জানান, অনুষ্ঠানের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর খনন করা ধলার খাল পুনঃখননের উদ্বোধন করবেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের অনুষ্ঠানমালায় জাতীয় পর্যায়ের শিল্পীদের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও অংশ নেবেন।
আরবিএন