চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে পানিতে ডুবে মাহিয়া আনুরা আনিসা (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে হাজী অহিদুর রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা ফটিকছড়ি উপজেলার হেয়াকো চিকনছড়া এলাকার নুর আহমদের মেয়ে। পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয় সে।
শিশুটির মামা মো. মহসিন জানান, মঙ্গলবার আনিসা তার মায়ের সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে তার ছেলে ও আনিসা বাড়ির পুকুরে গোসল করতে নামে। মহসিনের ছেলে সাঁতার জানলেও আনিসা সাঁতার জানত না। কিছুক্ষণ পর তিনি পুকুরে গিয়ে দেখেন, তার ছেলে আনিসাকে পানির ভেতর থেকে তোলার চেষ্টা করছে। পরে দ্রুত উদ্ধার করে বারইয়ারহাট পৌর সদরের বিএম হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তিন বোনের মধ্যে আনিসা দ্বিতীয়। সে হেয়াকো চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার বাদ মাগরিব নিজ বাড়ি চিকনছড়া এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বিএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরাফাত বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষার সময় তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়।
/এসএকে