নিষিদ্ধ প্রেম আর তাইওয়ানি খাবারের গল্পে বুকার জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মান্দারিন চাইনিজ ভাষা থেকে অনূদিত এক উপন্যাস প্রথমবারের মতো জিতে নিয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। উপন্যাসটি নিষিদ্ধ প্রেম আর তাইওয়ানের খাবারের

2026-05-21T02:54:16+00:00
2026-05-21T02:54:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নিষিদ্ধ প্রেম আর তাইওয়ানি খাবারের গল্পে বুকার জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
মান্দারিন চাইনিজ ভাষা থেকে অনূদিত এক উপন্যাস প্রথমবারের মতো জিতে নিয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। উপন্যাসটি নিষিদ্ধ প্রেম আর তাইওয়ানের খাবারের গল্প নিয়ে লেখা। ‘তাইওয়ান ট্রাভেলগ’ নামের উপন্যাসটি তাইওয়ানের লেখক ইয়াং শুয়াং-জির লেখা এবং তাইওয়ানি-আমেরিকান অনুবাদক লিন কিংয়ের অনূদিত। এতে ১৯৩০-এর দশকে তাইওয়ানজুড়ে ভোজনরসিক দুই নারীর ভ্রমণের গল্প তুলে ধরা হয়েছে, যখন দ্বীপটি জাপানি শাসনের অধীনে ছিল।

হারিয়ে যাওয়ার পর নতুন করে খুঁজে পাওয়া কোনো ভ্রমণ স্মৃতিকথার তর্জমা হিসেবে কাল্পনিক পাদটীকাসহ বইটিকে এমন নিখুঁতভাবে সাজানো হয়েছিল যে, ২০২০ সালে প্রথম প্রকাশের পর অনেক পাঠক একে সত্যিকারের ঐতিহাসিক দলিল বলে ভেবেছিলেন। পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান নাতাশা ব্রাউন বলেন, এটি এক আকর্ষণীয় এবং সূক্ষ্ম বুদ্ধিদীপ্ত উপন্যাস।

‘তাইওয়ান ট্রাভেলগ’-এর গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক জাপানি লেখক আওমা চিজুকোকে ঘিরে। তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় তাইওয়ান সফরে গিয়ে ও চিজুরু নামের এক তাইওয়ানি দোভাষী নারীর প্রেমে পড়ে যান। তাদের দুজনের চোখ দিয়ে এ উপন্যাসে প্রেম, সংস্কৃতি, ঔপনিবেশিক ইতিহাস ও ক্ষমতার নানা দিক তুলে ধরা হয়েছে।

পুরস্কার জয়ের ঘোষণার আগে বুকার প্রাইজ কর্তৃপক্ষকে ইয়াং বলেন, উপন্যাসের মূল বিষয়বস্তু ‘ভ্রমণ ও খাবারের’ ওপর গবেষণা করতে গিয়ে আমার জীবনে দুটি সুস্পষ্ট পরিবর্তন এসেছে। প্রথমত আমার সঞ্চয় কমেছে, আর দ্বিতীয়ত আমার ওজন বেড়েছে।

‘তাইওয়ান ট্রাভেলগ’ এরই মধ্যে বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। ৪১ বছর বয়সি ইয়াং প্রবন্ধ, মাঙ্গা (জাপানি কমিকস) এবং ভিডিও গেমের চিত্রনাট্যও লেখেন। উপন্যাসটির মূল মান্দারিন চাইনিজ সংস্করণ ২০২১ সালে তাইওয়ানের সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘গোল্ডেন ট্রাইপড অ্যাওয়ার্ড’ পায়। 

অন্যদিকে লিন কিংয়ের করা ইংরেজি অনুবাদটি ২০২৪ সালে ‘ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার’ জিতেছিল। পুরস্কার জয়ের আগে লিন কিং বলেছিলেন, জাপানি শাসনামলে তাইওয়ানের জনগণের দুঃখ ও আনন্দের মধ্যে ‘তাইওয়ান ট্রাভেলগ’ যে ভারসাম্য বজায় রেখেছে, তা তার খুব ভালো লেগেছে।

তিনি বলেন, সময় যত কঠিনই হোক না কেন, মানুষ সবসময়ই আনন্দের ছোট ছোট মুহূর্ত আর গভীর ভালোবাসা খুঁজে নিতে পারে বলে আমি বিশ্বাস করি। তখনও হাস্যরস ছিল, ভালো খাবার ছিল, সিনেমা ছিল, স্কুল ছিল, ছোটখাটো ঝগড়া আর প্রেম ছিল। এর বাইরে কিছু ভাবা মানে একটি সংস্কৃতিকে শুধু তার ট্রমার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা।

উপন্যাসটিকে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের জন্য মনোনীত করার ব্যাখ্যায় বিচারকরা এক বিবৃতিতে একে ‘অনুবাদের গুরুত্বপূর্ণ কাজ’ হিসেবে বর্ণনা করেন। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড (৬৭ হাজার ডলার) লেখক ও অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   নিষিদ্ধ প্রেম  তাইওয়ান  খাবার  গল্প  বুকার  জয় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: